Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী - Chief TV

খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী - Chief TV

2026-08-19  ডেস্ক রিপোর্ট  49 views
খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী - Chief TV

ভারতের বিহারের নালন্দায় সরকারি স্কুলের মিড-ডে মিলের খাবারে লবণের বদলে ডিটারজেন্ট পাউডার মিশে যাওয়ার অভিযোগ উঠেছে। সেই খাবার খেয়ে অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থদের মধ্যে প্রায় ৩৬ জন ছাত্রী রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) নালন্দা জেলার নুরসরাই থানা এলাকার পারাসি গ্রামের পারসি মিডল স্কুলে এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষও খাবারে ডিটারজেন্ট মিশে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানিয়েছে, ভুলটি তাদের পক্ষ থেকেই হয়েছে।

জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও নির্ধারিত মেনু অনুযায়ী শিক্ষার্থীদের জন্য সয়াবিন ও ভাত সরবরাহ করা হয়। খাবার পরিবেশনের পর কয়েকজন শিক্ষার্থী তরকারিতে লবণ কম থাকার অভিযোগ করে। পরে স্কুলের পক্ষ থেকে খাবারে লবণ দেওয়ার ব্যবস্থা করা হয়। এর কিছুক্ষণ পরই একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়তে শুরু করে।

অসুস্থ শিক্ষার্থীদের কয়েকজন মাথা ঘোরা, পেটব্যথা ও বমির অভিযোগ করে। পরিস্থিতি গুরুতর হওয়ায় প্রথমে স্কুলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের বিহার শরিফ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, রান্নাঘরে লবণ ও ডিটারজেন্ট পাউডারের পাত্র পাশাপাশি রাখা ছিল। এ কারণে এক রাঁধুনি ভুল করে লবণের পরিবর্তে ডিটারজেন্ট পাউডার খাবারে মিশিয়ে ফেলেন। তবে বিষয়টি কীভাবে ঘটেছে, তা নিয়ে তদন্ত চলছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। চিকিৎসকেরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং জানান, একটি বেসরকারি সংস্থার মাধ্যমে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল সরবরাহ করা হয়। মঙ্গলবারও নির্ধারিত মেনু অনুযায়ী খাবার দেওয়া হয়েছিল। পরে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে নালন্দার সিভিল সার্জন চিকিৎসক জয় প্রকাশ সিং হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নেন। তিনি জানান, বর্তমানে সব শিশুই আশঙ্কামুক্ত।

এদিকে খবর পেয়ে বিহারের পল্লি উন্নয়নমন্ত্রী শ্রবণ কুমারও হাসপাতালে যান। তিনি অসুস্থ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন।


Share: