পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির কপালে কোপের চিহ্ন এবং পেট কাটা অবস্থায় ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে ইট বাঁধা ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার-সংলগ্ন মসজিদ ঘাট এলাকায় খালে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও সাংবাদিকেরা ভিড় করেন।
স্থানীয়দের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহটি পচে যাওয়ায় এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাউফল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহ উদ্ধারে সহায়তাকারী করিম জানান, ওই ব্যক্তির কপালে কোপের চিহ্ন ছিল। তাঁর হাত-পা বাঁধা ছিল। গলা, কোমর ও দুই পায়ে মোট ১৬টি ইট বাঁধা ছিল বলেও জানান তিনি। মরদেহটির পেট কাটা অবস্থায় ছিল। তাঁর পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি ও লুঙ্গি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কেউ থানায় অভিযোগও করেননি। ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।