নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গোলাম রাব্বানী লাবু মিয়া (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের কেশবা কলেজ গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের গোলাম রাব্বানী বাদশার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে লাবু মিয়ার মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় ধরে তার ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা খুলে তাকে মৃত অবস্থায় দেখতে পান তারা।
স্থানীয়রা জানান, মরদেহে পচন ধরেছিল এবং ঘর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া ঘরের মেঝেতে রক্তের দাগ পাওয়ায় মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।