Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / স্বাস্থ্য / কিটো ডায়েটের পর মৃত্যুর অভিযোগ, ডা. জাহাঙ্গীর কবিরকে ঘিরে তোলপাড় - Chief TV

কিটো ডায়েটের পর মৃত্যুর অভিযোগ, ডা. জাহাঙ্গীর কবিরকে ঘিরে তোলপাড় - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  24 views
কিটো ডায়েটের পর মৃত্যুর অভিযোগ, ডা. জাহাঙ্গীর কবিরকে ঘিরে তোলপাড় - Chief TV

ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও বিভিন্ন সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় ডা. জাহাঙ্গীর কবিরের প্রতিষ্ঠান হেলথ রেভুলেশন লিমিটেডের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে রোগীর মৃত্যুর সঙ্গে ইনসুলিন বন্ধ করা বা কিটো ডায়েট অনুসরণের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি সামনে আসে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঢামেক হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের পক্ষ থেকে হেলথ রেভুলেশন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এতে এক ডায়াবেটিস রোগীকে ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ওই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠিত তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মনির-উজ-জামানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমান সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ঢামেকের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হুরজাহান বানু এবং বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিমুন্নেছা শিউলী।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক মো. নূরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তাদের কাছে বিভিন্ন অভিযোগ এসেছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ কারণেই অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের সত্যতা ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share: