জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উমরাহ পালন করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বার্তা দিয়েছেন।
শনিবার (২২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সূরা আত-তাওবার ৪০ নম্বর আয়াতের অংশবিশেষ তুলে ধরে তিনি লেখেন, ‘হতাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।’
পোস্টে আসিফ মাহমুদ মক্কার ঐতিহাসিক জাবালে সুর ও হিজরতের সময় রাসুলুল্লাহ (সা.) ও হযরত আবু বকর (রা.)-এর গারে সওরে অবস্থানের ঘটনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কুরাইশের অনুসরণকারীরা গুহার কাছাকাছি পৌঁছে গেলেও রাসুলুল্লাহ (সা.) হযরত আবু বকর (রা.)-কে আল্লাহর ওপর ভরসা রাখতে বলেন।
তিনি সূরা আত-তাওবার পরের অংশও উদ্ধৃত করে লেখেন, আল্লাহ তাঁর ওপর প্রশান্তি নাজিল করেছিলেন এবং এমন বাহিনী দ্বারা তাঁকে সাহায্য করেছিলেন, যা মানুষ দেখতে পায়নি।
আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, জাবালে সুরের সেই ঐতিহাসিক ঘটনা সতর্ক পরিকল্পনা ও আল্লাহর ওপর পূর্ণ ভরসার অনন্য দৃষ্টান্ত। তিন রাতের সেই অপেক্ষার পর শুরু হওয়া যাত্রা ইসলামের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে এবং পরবর্তী সময়ে তার প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
পোস্টে তিনি আরও লেখেন, জাবালে সুরের পাথর ও ঐতিহাসিক স্থানটি আজও দাঁড়িয়ে আছে। ইতিহাস সবসময় বড় কোনো প্রাসাদে লেখা হয় না; কখনো তা নির্জন গুহার অন্ধকারেও লেখা হয়, যার আলো শতাব্দীর পর শতাব্দী ধরে ছড়িয়ে পড়ে।
শেষে দেশ ও মানুষের জন্য দোয়া করে আসিফ মাহমুদ লেখেন, আল্লাহ যেন সবাইকে আস্থা, ধৈর্য এবং সত্যের পথে অবিচল থাকার তাওফিক দেন।