নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষা সহায়তা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্নপূরণের মহোৎসব-২০২৬’। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি সচেতন অভিভাবকদের সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় মেলাবর-বড়ভিটা দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ড. খাইরুল আনাম এবং সহকারী আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. সামসুজ্জামান সুমন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মেসার্স তালহা এন্টারপ্রাইজ ও কিশোরগঞ্জ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলে সীমাবদ্ধ না থেকে নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলাবর-বড়ভিটা দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জামিয়ুর রহমান।