মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামের মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনুমিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি চোর চক্রের সদস্য বলে জানিয়েছে স্থানীয়রা।
শনিবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত মনুমিয়া সদর থানার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সুযোগে চার সদস্যের একটি চোর চক্র কালিনগর গ্রামের মাঠে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে যায়। তারা ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে মনুমিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকালে স্থানীয়রা মাঠের মধ্যে মনুমিয়াকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে চিকিৎসার জন্য তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।