চাঁদপুরের মতলব উত্তরে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় ফারিয়া নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মতলব উত্তর থানার পূর্ব পাশে সুরুজ প্লাজার সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বেপারী বাড়ির কাউসার বেপারীর মেয়ে। তার মায়ের নাম ফারজানা আক্তার।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফারিয়া মায়ের হাত ধরে ছেংগারচর বাজারের সুরুজ প্লাজার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রলিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখন পর্যন্ত চালককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, সুরুজ প্লাজার সামনে ট্রলির ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রলিটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, মতলব উত্তরের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত অবৈধ ট্রলি ও টমটম চলাচল করছে। এসব যানবাহন অনেক সময় বেপরোয়া গতিতে চলাচল করায় পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ফারিয়ার মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।