Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / মির্জা ফখরুল রাষ্ট্রপতি, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ - Chief TV

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ - Chief TV

2026-08-20  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  78 views
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ - Chief TV

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দ-উচ্ছ্বাস। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফল ঘোষণার পরপরই জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয় মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও উল্লাস।

শহরের বিভিন্ন এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন। এ সময় একে অন্যকে মিষ্টি খাইয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূল থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ায় এটিকে নিজেদের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন স্থানীয়রা।

ছাত্রনেতা থেকে শিক্ষকতা, এরপর ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিব—দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে রাষ্ট্রপতি পদে পৌঁছেছেন মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হওয়ার পাশাপাশি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন তিনি।

শিক্ষাজীবন শেষে অর্থনীতির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল। ১৯৮৬ সালে শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে ফেরেন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে এরশাদবিরোধী আন্দোলনের সময় বিএনপিতে যোগ দিয়ে ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০০৯ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালের ৩০ মার্চ দলের মহাসচিবের দায়িত্ব নেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও সংকটের মধ্যেও বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মির্জা ফখরুল। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘটনাকে রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলা, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন ঠাকুরগাঁওয়ের স্থানীয় নেতাকর্মীরা।


Share: