Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / মৃত্যুর গুজব, অভিনেতা বললেন, রাজনৈতিক নেতাদের মতো খারাপ নই - Chief TV

মৃত্যুর গুজব, অভিনেতা বললেন, রাজনৈতিক নেতাদের মতো খারাপ নই - Chief TV

2026-09-02  ডেস্ক রিপোর্ট  40 views
মৃত্যুর গুজব, অভিনেতা বললেন, রাজনৈতিক নেতাদের মতো খারাপ নই - Chief TV

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুলেছেন টালিউড অভিনেতা বিপ্লব চ্যাটার্জি। সম্পূর্ণ সুস্থ থাকার কথা জানিয়ে এমন ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে রসিকতা করে বলেছেন, পর্দায় অনেক খারাপ চরিত্রে অভিনয় করলেও রাজনৈতিক নেতাদের মতো খারাপ নন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিপ্লব চ্যাটার্জির একটি ছবি পোস্ট করে তাকে ‘প্রয়াত’ উল্লেখ করা হয়। মুহূর্তেই সেই পোস্ট ছড়িয়ে পড়লে বিভ্রান্ত হন তার ভক্ত-অনুরাগীরা। অনেকে শোক প্রকাশ করতেও শুরু করেন। বিষয়টি ব্যাপক আলোচনায় আসার পর ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়, অভিনেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া।

এরপর ভিডিওবার্তায় নিজেই বিষয়টি নিয়ে কথা বলেন বিপ্লব। তিনি বলেন, তাকে নিয়ে খবর ছড়িয়েছে যে তিনি নাকি মারা গেছেন। তবে একদিন সবাইকেই পৃথিবী ছাড়তে হবে, কিন্তু ঈশ্বর যতদিন রেখেছেন ততদিন তিনি থাকবেন।

যারা এমন গুজব ছড়িয়েছেন তাদের উদ্দেশে অভিনেতা বলেন, হঠাৎ করে কাউকে মৃত বলে দেওয়া উচিত নয়। শুধু তাকে নয়, কারও সম্পর্কেই যাচাই ছাড়া এমন তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি। তার মতে, এমন আচরণ দায়িত্বশীলতার অভাবের পরিচয়।

সবশেষে বিষয়টি নিয়ে কিছুটা রসিকতাও করেন এই অভিনেতা। বিপ্লব বলেন, দর্শক তাকে বহু খারাপ চরিত্রে অভিনয় করতে দেখেছেন এবং অনেকেই হয়তো তাকে খারাপ মানুষও ভাবেন। তবে রাজনৈতিক নেতাদের মতো তিনি খারাপ নন বলেও মন্তব্য করেন টালিউডের এই পরিচিত মুখ।


Share: