Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / না ফেরার দেশে সংগীতশিল্পী রাসেল খান - Chief TV

না ফেরার দেশে সংগীতশিল্পী রাসেল খান - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  41 views
না ফেরার দেশে সংগীতশিল্পী রাসেল খান - Chief TV

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গিটারের সুরে দেশের জনপ্রিয় শিল্পীদের গান সমৃদ্ধ করেছেন গিটারবাদক রাসেল খান। সংগীতাঙ্গনের পরিচিত এই মুখ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

রাসেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু।

জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। বৃহস্পতিবার সকালে বড় বোনের বাসার বাথরুমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা, স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে।

গিটারবাদক হিসেবে দেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ ছিলেন রাসেল খান। দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। অন্য শিল্পীদের গানে গিটারের সুর তোলার পাশাপাশি মাঝেমধ্যে নিজেও গান গাইতেন তিনি।

গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন রাসেল খান। সেটিই ছিল মঞ্চে তার শেষ পরিবেশনা।

তার মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করছেন। রাসেলের সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নিয়ে তাকে স্মরণ করছেন অনেকে।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বনানীতে বড় বোনের বাসার পাশের মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন রাসেল খান।


Share: