Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / নাইজেরিয়ায় নৌকা ডুবে ৫৩ জনের মৃত্যু, ৪০ জনই শিশু - Chief TV

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৫৩ জনের মৃত্যু, ৪০ জনই শিশু - Chief TV

2026-08-21  ডেস্ক রিপোর্ট  59 views
নাইজেরিয়ায় নৌকা ডুবে ৫৩ জনের মৃত্যু, ৪০ জনই শিশু - Chief TV

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো রাজ্যে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) গোরোনিও স্থানীয় সরকারের আওতাধীন গোরাউ এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জাতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল কাদির ইউসুফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত নদী থেকে প্রায় ৪০টি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোকোতো রাজ্য বিধানসভার প্রতিনিধি নাসিরু আদামু জানান, নৌকাটিতে থাকা যাত্রীদের বেশির ভাগের বয়স ছিল ১০ থেকে ১৫ বছরের মধ্যে। দুর্ঘটনার পর ১৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী শারহাবিলু কিলিয়া জানান, এখন পর্যন্ত অন্তত ৫৩ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। একটি কমিউনিটি মসজিদের সামনে উদ্ধার হওয়া মরদেহগুলো দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে মূলত ধানের জমিতে কাজ করতে যাওয়া কৃষক ও কৃষিশ্রমিকরা ছিলেন। নৌকাটি ডুবে যাওয়ার সময় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, প্রায় ৫৭ থেকে ৭০ জন যাত্রী এতে গাদাগাদি করে অবস্থান করছিলেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারকিতে রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

নাইজেরিয়ায় নৌযানের দুর্বল রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত যাত্রী বহন এবং নিরাপত্তা বিধিমালা যথাযথভাবে না মানার কারণে বর্ষাকালে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারিতেও দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে রাজ্যে একটি ফুটো নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছিল।


Share: