Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / নিউইয়র্কে দোকানে ঢুকে দুই বাংলাদেশিকে গুলি, নিহত ১ - Chief TV

নিউইয়র্কে দোকানে ঢুকে দুই বাংলাদেশিকে গুলি, নিহত ১ - Chief TV

2026-08-24  ডেস্ক রিপোর্ট  31 views
নিউইয়র্কে দোকানে ঢুকে দুই বাংলাদেশিকে গুলি, নিহত ১ - Chief TV

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি ফ্রায়েড চিকেনের দোকানে বন্দুকধারীর গুলিতে রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা’ নামের দোকানে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাজুর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। কয়েক বছর আগে উন্নত ও নিরাপদ জীবনের আশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে এক বন্দুকধারী ওই দোকানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় দোকানে কর্মরত দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে রাজুর বুকে এবং অপরজনের পায়ে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় দুজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত অপর বাংলাদেশি চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

নিউইয়র্ক পুলিশ জানায়, রকঅ্যাওয়ে এভিনিউ ও নিউপোর্ট স্ট্রিটের কাছাকাছি একটি রেস্তোরাঁয় বন্দুক হামলার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রাজুর মৃত্যুতে স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসজীবনের শুরুতেই এমন মর্মান্তিক ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোক।

এদিকে হামলার ঘটনায় জড়িত বন্দুকধারীকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা।


Share: