নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতি সামনে রেখে পূজার আয়োজন করেছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের কয়েকজন সদস্য। বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত ওই অনুষ্ঠানে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রেখে ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন। যে এলাকায় মন্দির নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানে কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা কর্মসূচিটির নাম দেন ‘শ্রী মোদি চালিশা’। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এ নামকরণ করা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
তবে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পূজা করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটির দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলনের কথা বলে হলটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে পূজার আয়োজন শুরু করা হয়।
বিষয়টি জানতে পেরে প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। কর্তৃপক্ষের ভাষ্য, সংবাদ সম্মেলনের জন্য হল ভাড়া নিয়ে সেখানে পূজার আয়োজন করা চুক্তির শর্তের লঙ্ঘন।
এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, তাদের প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা ছিল না। সংবাদ সম্মেলনের শর্ত ভঙ্গের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।