নীলফামারীতে অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন ধরনের ৭৯৫ বস্তা সার জব্দ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে সদর উপজেলার কচুকাটা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স ভাই ভাই ট্রেডার্সে অভিযান চালানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদের নেতৃত্বে কৃষি বিভাগের একটি দল অভিযান পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুবাশ্বিরা আমাতুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক শহিদুল্লাহ ওরফে যাদু মিয়ার কাছে সার সংগ্রহের বৈধ কাগজপত্র ও বিক্রির লাইসেন্স পাওয়া যায়নি। এ সময় তার গুদাম থেকে ৫০০ বস্তা এমওপি, ১৯৩ বস্তা টিএসপি, ৩৭ বস্তা ডিএপি এবং ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। মোট ৭৪৮ বস্তা সার জব্দের পাশাপাশি তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে শহিদুল্লাহর ভাই শাহাজাহানের দোকান থেকেও ৪৭ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে অভিযানে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৭৯৫ বস্তা সার জব্দ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, অভিযুক্ত দোকানদার সার ডিলার নন; তিনি মূলত কীটনাশকের ডিলার। অবৈধভাবে সার সংগ্রহ করে বিপুল পরিমাণ সার মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে কৃষক পর্যায়ে বিক্রি করা হবে। জরিমানার অর্থ ও সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।