Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের চার সদস্য গ্রেপ্তার - Chief TV

অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের চার সদস্য গ্রেপ্তার - Chief TV

2026-11-01  ডেস্ক রিপোর্ট  15 views
অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের চার সদস্য গ্রেপ্তার - Chief TV

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর কুমিল্লায় ‘এসবিএস’ নামে একটি কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বয়স ১৭ বছর।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ২২ জন তরুণকে দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তাঁরা নিজেদের ‘এসবিএস’ গ্রুপের সদস্য হিসেবে পরিচয় দেন। গ্রুপটির নামে বিভিন্ন ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

ভিডিওটি পুলিশের নজরে আসার পর সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে একাধিক দল গঠন করে। পরে তথ্যপ্রযুক্তি ও অন্যান্য সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ আকাশ (১৭), কুমিল্লার বরুড়া উপজেলার এগারো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. শাওন (১৯), নরসিংদীর শিবপুর উপজেলার মাছিমপুর গ্রামের কালা মিয়ার ছেলে মো. হাবিব (১৭) এবং কুমিল্লার লালমাই উপজেলার ফারবাইন মসজিদবাড়ি এলাকার মনির হোসেনের ছেলে মো. হাবিব (১৭)। তাঁরা সবাই সদর দক্ষিণ উপজেলার উনাইসার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে একাধিক দল কাজ শুরু করে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেরাই ‘এসবিএস’ নামে একটি গ্রুপ তৈরি করেছেন। তাঁদের রোববার আদালতে সোপর্দ করা হবে।


Share: