জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বাইরে তাদের কোনো ‘পিসির বাড়ি’ বা ‘দাদা বাবুর বাড়ি’ নেই। নানা প্রতিকূলতা ও নির্যাতনের মধ্যেও তারা দেশ ছেড়ে যাননি বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে লংমার্চে যাওয়ার পথে ফেনীর মহীপালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের বাইরে আমাদের কোনো পিসির বাড়ি নেই। কোনো দাদা বাবুর বাড়ি নেই। আমাদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। তখনো কোনো দাদার বাড়ি-পিসির বাড়ি খুঁজিনি, দেশ ছাড়িনি। মাটি কামড়ে দেশেই ছিলাম।’
তিনি বলেন, বাংলাদেশই তাদের গর্বের ঠিকানা। সুখে-দুঃখে জনগণের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, প্রথম দিন থেকেই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হলেও একটি সিদ্ধান্ত মেনে নিয়ে অন্যটি না মানার কারণে সরকারকে ‘করুণ পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের ছয় মাস পার হলেও বিভিন্ন ঘটনার বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়নি। পিলখানা, জুলাইয়ের গণহত্যা ও শাপলা চত্বরের ঘটনায় বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, বিরোধী দলকে দমন-নিপীড়ন করা হলে তারা বসে থাকবে না। জনগণের অধিকার নিয়ে টান দেওয়া হলে প্রতিরোধ গড়ে তোলা বিরোধী দলের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
দেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেন শফিকুর রহমান। তিনি বলেন, তাদের দলীয় কোনো দাবি নিয়ে এই আন্দোলন নয়; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা রাজপথে রয়েছেন।
সমাবেশে উপস্থিত তরুণদের উদ্দেশে তিনি বলেন, তাদের জীবনে যা পাওয়ার, তা অনেকটাই পাওয়া হয়ে গেছে। এখন তরুণদের ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করাই তাদের প্রধান লক্ষ্য। তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, বিরোধী দলের সহযোগিতা চাইলে তাদের ছয় দফা দাবি মেনে নিতে হবে। রাজপথে বিরোধী দলের ওপর আঘাত এলে পাল্টা প্রতিরোধের জন্য প্রস্তুত থাকার কথাও বলেন তিনি।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ফেনীতে পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।