রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার মা বাদী হয়ে শনিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসায় রিধিকার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন এবং তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি নিশ্চিত হতে তদন্ত চলছে।
রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।