ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই অভিনয় ও আলোচিত জীবন থেকে দূরে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়জীবন পেছনে ফেলে বাকি জীবন ধ্যান ও ধর্মচর্চায় কাটানোর ইচ্ছার কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
পপি বলেন, অতীতে ‘যত পাপ কামিয়েছেন’, তা থেকে মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চান। তার এমন বক্তব্যের পর অনেকেই ধারণা করছেন, দীর্ঘ অভিনয়জীবনকে তিনি এখন ভিন্ন দৃষ্টিতে মূল্যায়ন করছেন। বিষয়টি সামনে আসতেই বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
এবার পপির বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ছোট ও বড় পর্দার অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পপির বক্তব্য প্রসঙ্গে প্রশ্ন তোলেন।
পোস্টে জয় অতীতের আরেক জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর প্রসঙ্গও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মৌসুমীও একসময় অভিনয় ছেড়ে ধর্মচর্চায় মনোযোগ দেওয়ার কথা বলেছিলেন এবং নিজের পুরোনো চলচ্চিত্র মুছে ফেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও পরে তাকে আবারও অভিনয়ে দেখা গেছে।
পপিকে ইঙ্গিত করে জয় লেখেন, মৌসুমী ও পপির পর শাবনূর এবং পূর্ণিমাও যদি একই ধরনের বক্তব্য দেন, তাহলে একটি পুরো প্রজন্মের অভিনেত্রীদের উপলব্ধির বিষয়টি পূর্ণতা পাবে। তারকাদের এমন উপলব্ধির প্রেক্ষাপটে ভক্তদের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বর্তমানে যারা জনপ্রিয়, ভবিষ্যতে তারাও জীবনের শেষ পর্যায়ে এসে অভিনয়জীবন নিয়ে একই ধরনের উপলব্ধির কথা বলবেন কি না—সেই প্রশ্নও রেখেছেন শাহরিয়ার নাজিম জয়।
উল্লেখ্য, ব্যক্তিগত ও পেশাগত কারণে দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যম ও চলচ্চিত্রপাড়া থেকে দূরে রয়েছেন পপি। গত বছরের অক্টোবরে তার অভিনীত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও এটি বেশ কয়েক বছর আগে নির্মিত হয়েছিল। সিনেমাটির প্রচারণা কিংবা মুক্তির সময়েও জনসমক্ষে দেখা যায়নি এই জনপ্রিয় অভিনেত্রীকে।