জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. আবু হাসান (৪৫) এবং উত্তর গোপালপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে মো. গোলাম রাব্বি (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর গোপালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুজনকে আটক করে তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার ওসি মো. তামবিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।