Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা - Chief TV

পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা - Chief TV

2026-10-22  ডেস্ক রিপোর্ট  41 views
পকেট ফাঁকা, সমস্যা নেই, তরুণকে দিয়ে অ্যাপে ঋণ করিয়ে অর্থ নিয়ে উধাও ছিনতাইকারীরা - Chief TV

ছিনতাই করতে বেরিয়ে এক তরুণকে অপহরণ করে চার যুবক। কিন্তু তাঁর কাছে টাকা বা দামি কোনো জিনিস না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। পরে মোবাইল অ্যাপের মাধ্যমে ওই তরুণকে ঋণের আবেদন করিয়ে অনুমোদিত অর্থ এটিএম বুথ থেকে তুলে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী তরুণের নাম অজয়। তাঁর বয়স ২১ বছর। বুধবার চেন্নাইয়ের দক্ষিণাঞ্চলের পল্লিকরনাই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, রাস্তায় অজয়কে আটক করে জোর করে একটি অটোরিকশায় তোলেন চার যুবক। এরপর তাঁর কাছে থাকা টাকা ও দামি জিনিসপত্র দিতে বলেন তাঁরা। কিন্তু অজয়ের পকেটে টাকা বা মূল্যবান কিছু না থাকায় বিষয়টি জানালে তাঁকে মারধর করা হয়।

একপর্যায়ে ছিনতাইকারীরা অজয়কে দিয়ে মুঠোফোনের একটি অ্যাপ ব্যবহার করে ঋণের আবেদন করান। অল্প সময়ের মধ্যে আবেদন অনুমোদিত হলে তাঁকে কাছের একটি এটিএম বুথে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ৯ হাজার ৫০০ রুপি তুলে নিয়ে পালিয়ে যান তাঁরা। যাওয়ার সময় অজয়ের মুঠোফোনটিও নিয়ে যান অভিযুক্তরা।

এ ঘটনায় পল্লিকরনাই থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে চার অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয় (২১)। তাঁদের সবার বাড়ি চেন্নাইয়ে।

পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর চারজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।


Share: