Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / লক্ষ্মীপুর / প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক - Chief TV

প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক - Chief TV

2026-10-21  ডেস্ক রিপোর্ট  33 views
প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর, কৃষকদল নেতা আটক - Chief TV

লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসী ও তাঁর স্ত্রীকে জিম্মি করে মারধর, স্বর্ণালংকার ও টাকা লুট এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রিয়াদ হাসান নামে কৃষকদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রায়পুর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রিয়াদ হাসান রায়পুর পৌর কৃষকদলের সভাপতি পদপ্রার্থী এবং রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকায় ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। সেখানে প্রবাসী গোলাম কিবরিয়া সবুজ ও তাঁর স্ত্রী মিলি আক্তারকে জিম্মি করে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন বাদী।

এ ঘটনায় পরদিন সবুজ বাদী হয়ে রায়পুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ছয়জনকে আসামি করে মামলা করেন। এজাহারে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন দেনায়েতপুরের মিজানুর রহমান সর্দার, ইউছুফ আলী, কেরোয়ার মাছুম বিল্লাহ ও মো. রহিম। তবে এজাহারে পাঁচজনের নাম উল্লেখের কথা বলা হলেও বর্ণনায় চারজনের নাম পাওয়া গেছে।

এজাহার সূত্রে জানা যায়, ওই বাসায় সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তার ভাড়া থাকেন। সাথীর মেয়ের জন্মদিনের দাওয়াত পেয়ে ঘটনার দিন সেখানে যান মিলি। অভিযোগ অনুযায়ী, এ সময় কয়েকজন হঠাৎ বাসায় ঢুকে তাঁর সঙ্গে অসদাচরণ করেন এবং ঘরের জিনিসপত্র তছনছ করেন। পরে সাথী আক্তারের প্রায় এক ভরি দুই আনা স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, বাধা দিতে গেলে মিলিকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। তাঁকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগও করেছেন বাদী। একপর্যায়ে মিলির মাকে ফোন করে তাঁর মেয়েকে এক ছেলের সঙ্গে আটকে রাখার কথা জানানো হয়।

খবর পেয়ে স্ত্রীকে রক্ষা করতে বাসায় গেলে সবুজকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁর মানিব্যাগ থেকে প্রায় ২৫ হাজার টাকা ও একটি ব্যাংক কার্ড নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরে দম্পতির মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে—এমন অভিযোগ তুলে তাঁদের একটি কক্ষে নিয়ে ভিডিও ধারণ করা হয় বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

সবুজ তাঁদের বিয়ের ছবি দেখালে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যান বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে আইনি পদক্ষেপ না নেওয়ার জন্যও তাঁদের হুমকি দেওয়া হয় বলে দাবি বাদীর।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলায় রিয়াদ হাসানকে আটক করা হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রবাসী দম্পতিকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় রিয়াদ হাসান নামে একজনকে আটক করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: