Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা - Chief TV

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  38 views
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা - Chief TV

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চেয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন। জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মিল্লাদ হোসেন।

পোস্টে তিনি লেখেন, বিগত ১৭ বছরে ঢাকা শহরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো ঢাকা কলেজেরও আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় কলেজের শিক্ষার্থীরা হামলা, মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে মিল্লাদ হোসেন বলেন, ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর ঢাকা শহরে আন্দোলন সচল রাখতে তাঁরা ভূমিকা পালন করেন। তাঁর দাবি, ঢাকা শহরকে চার ভাগে ভাগ করলে একটি বড় অঞ্চলের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

নিজের আহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি লেখেন, ১৯ জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সামনেই তিনি গুলিবিদ্ধ হন। তাঁর ভাষ্য অনুযায়ী, গুলি বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। ওই ঘটনার পর থেকে এখনো তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।

পোস্টে মিল্লাদ হোসেন আরও অভিযোগ করেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বারবার একটি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন। অথচ ঢাকা কলেজের নেতাকর্মীদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না।

নিজেদের প্রতি এমন আচরণকে অবিচার উল্লেখ করে তিনি লেখেন, তাঁদের সঙ্গে করা অবিচারের বিচার আল্লাহ করবেন।


Share: