সেনাবাহিনীর কঠোর অনুশাসন ও নিয়মানুবর্তিতার মধ্যেও মানবিক আবেগের জায়গা থাকে। এমনই এক আবেগঘন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে প্রশিক্ষণ শেষে পরিবারের কাউকে পাশে না পেয়ে একা দাঁড়িয়ে থাকা এক তরুণ সৈনিককে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন তাঁর কমান্ডার।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের। ভিডিওতে দেখা যায়, প্রশিক্ষণ শেষে অন্য সৈন্যরা যখন বাবা-মা, সঙ্গী ও স্বজনদের সঙ্গে মিলিত হচ্ছেন, তখন এক তরুণ সৈনিককে অনুষ্ঠানের এক পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশেষ এই দিনে তাঁর পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।
বিষয়টি নজরে পড়ে এক কমান্ডারের। তিনি ওই সৈনিকের কাছে এগিয়ে গিয়ে তাঁকে আলিঙ্গন করেন। কমান্ডারের স্নেহ ও আন্তরিকতায় আবেগ ধরে রাখতে পারেননি তরুণ সৈনিক। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
পরিবারের কেউ পাশে না থাকলেও জীবনের গুরুত্বপূর্ণ ওই দিনে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে এমন মানবিক আচরণ ওই সৈনিককে মানসিকভাবে শক্তি জোগায়। মুহূর্তটি উপস্থিতদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও আবেগাপ্লুত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ‘ডায়ল২এন’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই কমান্ডারের মানবিক আচরণের প্রশংসা করেছেন। কেউ কেউ ধারণা করছেন, ওই তরুণের পরিবার দূরে থাকায় বিশেষ দিনেও তারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এরই মধ্যে ভিডিওটি বিপুলসংখ্যক মানুষের নজর কেড়েছে এবং এতে দেড় হাজারের বেশি লাইক পড়েছে বলে জানা গেছে।