লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে দাদা, নাতি ও নাতনি।
নিহতরা হলেন আবু সিদ্দিক (৫০), তার নাতি পিয়াস হোসেন (৯) ও নাতনি পমি আক্তার। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে আবু সিদ্দিক তার নাতি পিয়াস হোসেন ও নাতনি পমি আক্তারকে নিয়ে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে একটি পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে প্রথমে আবু সিদ্দিক পানিতে ডুবে যান। পরে পিয়াস ও পমিও পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা পানিতে আবু সিদ্দিক ও পমি আক্তারের মরদেহ ভেসে উঠতে দেখে উদ্ধার করেন। পরে পিয়াস হোসেনকেও উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।