মাগুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে করতেই এক পুলিশ সদস্যকে থাপ্পড় মারছেন নয়ন। এ সময় আশপাশে থাকা কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি তার কর্মীদের ডাকতে বলেন বলে ভিডিওতে দেখা গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে মাগুরা পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে শহরের ভায়না মাইক্রোস্ট্যান্ডের সভাপতি নয়ন প্রকাশ্যে থাপ্পড় মারেন।
পরে রাত ৮টার দিকে সদর থানায় পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ কয়েকজন নেতা উপস্থিত হন। তারা ঘটনাটিকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে নয়নকে দিয়ে পুলিশ সদস্য ইমরানের কাছে ক্ষমা চাওয়ান এবং বিষয়টি মীমাংসা করা হয়।
তবে ঘটনাটি নিয়ে পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
এদিকে, নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মাইক্রোবাস ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।