রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টরের রেললাইন এলাকায় মাদক বিক্রেতার হামলায় মুক্তমন পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (৪৩) আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মাহমুদ জানান, ওই এলাকায় এক ব্যক্তি তাঁকে মাদক বিক্রির প্রস্তাব দেন। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত ওই ব্যক্তির হাত ধরে ফেলেন। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ওই ব্যক্তির কাছ থেকে গাঁজা, নগদ ২ হাজার ১০০ টাকা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান তিনি।
এ সময় ওই ব্যক্তি কোমরে লুকিয়ে রাখা সুইচ গিয়ার ছুরি দিয়ে সাংবাদিককে আঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ করেছেন মাহমুদ। খবর পেয়ে উত্তরা পূর্ব ও দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা গাঁজা, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী নিজেদের হেফাজতে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক আমির খসরু বলেন, ভিডিও ফুটেজ দেখে দ্রুত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই এলাকায় মাদকের আস্তানা নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা উত্তরার ৮ নম্বর সেক্টরের রেললাইন এলাকাকে মাদক ও ছিনতাইমুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সাংবাদিকের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।