Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / শাবনূরের রহস্যময় ৫ শব্দের পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে - Chief TV

শাবনূরের রহস্যময় ৫ শব্দের পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  32 views
শাবনূরের রহস্যময় ৫ শব্দের পোস্ট নিয়ে আলোচনা তুঙ্গে - Chief TV

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’—ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের এমন সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন তিনি। তবে সেখানে কোনো ব্যক্তি, ঘটনা বা প্রসঙ্গের নাম উল্লেখ করেননি অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় শাবনূরের পোস্টটি ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা দেখা দিয়েছে। যদিও তার এই বক্তব্য সালমান শাহর মৃত্যু মামলা কিংবা অন্য কোনো নির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে শাবনূর নিজে কোনো ব্যাখ্যা দেননি।

সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। বিভিন্ন সময়ে এ ঘটনায় শাবনূরের নামও আলোচনায় এসেছে এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সম্প্রতি নতুন করে তৎপরতা শুরু হয়েছে। গত সপ্তাহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত অভিনেতা ডন হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে শুনানির পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী ডনের পূর্বের জবানবন্দির বিভিন্ন তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সেখানে সালমান শাহর মৃত্যুর দিন তার বাসায় কয়েকজনের উপস্থিতি এবং তাকে হত্যার অভিযোগসংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব তথ্য মামলার বিচারিক প্রক্রিয়ার অংশ এবং তদন্ত ও আইনি কার্যক্রম এখনো চলমান।

সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে শাবনূরের মাত্র কয়েকটি শব্দের পোস্ট নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে। তবে পোস্টটির পেছনে আসল কারণ বা উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয়।

নব্বইয়ের দশকে সালমান শাহ ও শাবনূর জুটি দর্শকদের ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘তুমি আমার’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। সালমান শাহর স্বল্প সময়ের ক্যারিয়ারে শাবনূরের সঙ্গে তার বেশ কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা অর্জন করে। তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও শাবনূর বরাবরই সালমান শাহকে ভাইয়ের মতো দেখতেন বলে জানিয়েছেন।

সালমান শাহর মৃত্যু মামলা নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, ঠিক সেই সময়ে শাবনূরের রহস্যময় এই পোস্ট ঘিরে কৌতূহল আরও বেড়েছে। তবে এর প্রকৃত প্রেক্ষাপট জানতে আপাতত শাবনূরের পরবর্তী বক্তব্যের দিকেই তাকিয়ে আছেন ভক্ত ও নেটিজেনরা।


Share: