Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / সাপের 'জন্মদিন' উপলক্ষে তেলেসমাতি আয়োজন, ভিডিও ভাইরাল - Chief TV

সাপের 'জন্মদিন' উপলক্ষে তেলেসমাতি আয়োজন, ভিডিও ভাইরাল - Chief TV

2026-08-20  ডেস্ক রিপোর্ট  38 views
সাপের 'জন্মদিন' উপলক্ষে তেলেসমাতি আয়োজন, ভিডিও ভাইরাল - Chief TV

পোষা বিড়াল-কুকুরের জন্মদিন পালনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়। তবে এবার বিষধর গোখরো সাপকে সামনে রেখে জন্মদিন উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অদ্ভুত এই আয়োজনের ভিডিও ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি টেবিলের ওপর ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে একটি গোখরো। তাকে ঘিরে কয়েকজন তরুণ গান গাইছেন। টেবিলের ওপর রাখা রয়েছে কেক। কেক কাটার সময় তাদের হাততালি দিতেও দেখা যায়। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয় হলো, তরুণরা ফণা তুলে থাকা সাপটির একেবারে কাছাকাছি অবস্থান করছিলেন।

ভিডিওতে সাপটিকে পুরো আয়োজনজুড়েই শান্ত অবস্থায় দেখা যায়। জানা গেছে, নাগপঞ্চমী উপলক্ষে গোখরোটিকে সামনে রেখে এই আয়োজন করা হয়। ‘জীব_দয়া_ফাউন্ডেশন_সমিতি’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ভিডিওটি কয়েক লাখবার দেখা হয়েছে এবং পেয়েছে ৮৫ হাজারের বেশি লাইক।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে মজার হিসেবে দেখলেও অনেকে বিষধর সাপের এত কাছে গিয়ে এমন আয়োজন করাকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন।

তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সর্পবিদদের মতে, গোখরো অত্যন্ত বিষধর সাপ এবং এর কামড় গুরুতর শারীরিক জটিলতা তৈরি করতে পারে। বিষধর সাপের আচরণ হঠাৎ পরিবর্তিত হতে পারে বলে এর কাছাকাছি গিয়ে ছবি তোলা, ভিডিও করা কিংবা কোনো ধরনের আয়োজন করা ঝুঁকিপূর্ণ।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ‘জন্মদিন’ আয়োজন নিয়ে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি বিষধর সাপকে ঘিরে এমন ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।


Share: