Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন উপদেষ্টা মির্জা আব্বাস - Chief TV

ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন উপদেষ্টা মির্জা আব্বাস - Chief TV

2026-09-06  ডেস্ক রিপোর্ট  31 views
ষড়যন্ত্র নিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন উপদেষ্টা মির্জা আব্বাস - Chief TV

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ভালো ও প্রশংসনীয় কাজ কিছু মানুষের খারাপ কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও দলের বিরুদ্ধে ভবিষ্যতে আরও ষড়যন্ত্র হতে পারে বলে তাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর পাশে বসেই এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মির্জা আব্বাস বলেন, দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে। তাই তাকে সব বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত উদার হলেও সব মানুষ ও সব পরিস্থিতিকে একইভাবে বিবেচনা করা ঠিক হবে না।

তার ভাষ্য, দলের অনেক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর সামনে এক ধরনের কথা বললেও বাইরে গিয়ে ভিন্ন আচরণ করেন। এসব বিষয়ে সুযোগ পেলে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেশের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। অতীতের বিভিন্ন ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবসময় সতর্ক থাকা জরুরি।

প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করে তিনি বলেন, ইতোমধ্যে তারেক রহমান অনেক ভালো ও প্রশংসনীয় কাজ করেছেন। তবে কিছু মানুষের খারাপ কথা ও কর্মকাণ্ডের কারণে সেই ভালো কাজগুলো প্রশ্নের মুখে পড়ছে এবং অর্জন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এসব বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

কান্নাজড়িত কণ্ঠে মির্জা আব্বাস বলেন, তিনি দলকে অত্যন্ত ভালোবাসেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কখনো এড়িয়ে যাননি। দলের ৪৮ বছরের পথচলায় নানা স্মৃতির কথা তুলে ধরে তিনি নেতা-কর্মীদের প্রতি সঠিক তথ্য নেতৃত্বের সামনে তুলে ধরা এবং দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


Share: