Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ক্যাম্পাস / শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষিকা মোনামী - Chief TV

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষিকা মোনামী - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  37 views
শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন ঢাবি শিক্ষিকা মোনামী - Chief TV

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তার অভিযোগ, তাকে অনবরত ট্যাগ দিয়ে বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী জানান, সারাদিন বাসা পরিবর্তন ও নতুন বাসা গোছানোর কাজে ব্যস্ত থাকার পর ফেসবুকে ঢুকে তিনি বিষয়টি সম্পর্কে জানতে পারেন। তার দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্লাসের ছাত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন। ওই হয়রানির তালিকায় তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি লেখেন, বিষয়টি জানার পর একজন শিক্ষার্থীর কাছ থেকে সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য নিয়েছেন এবং অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নিজের অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

ঢাবির এই শিক্ষিকা আরও অভিযোগ করেন, তাকে বারবার ট্যাগ করে টিপ্পনী ও বিভিন্ন মন্তব্যের মাধ্যমে হেনস্তা করা হচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য এবং অতীতে শিবির সম্পর্কে ইতিবাচক মন্তব্য করার বিষয়টিকেও তাকে নতুন করে নাজেহাল করার কারণ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

পোস্টের শেষাংশে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু মানুষ সরাসরি কিংবা পরোক্ষভাবে একজন নারীকে হয়রানি করার জন্য সবসময় কোনো না কোনো ইস্যু খোঁজে। এমন শিক্ষার্থীদের পড়াতে গিয়ে কখনো কখনো শিক্ষকতা পেশা পরিবর্তনের কথাও ভাবেন বলে উল্লেখ করেন তিনি।


Share: