Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ক্যাম্পাস / সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর - Chief TV

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর - Chief TV

2026-09-05  ডেস্ক রিপোর্ট  26 views
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর - Chief TV

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডির মাদকবিরোধী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় তাঁর হাতে জ্বলন্ত সিগারেট দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রক্টরিয়াল বডি। অভিযানে প্রক্টরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও নিরাপত্তা সেলের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ডায়না চত্বর, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশ, কেন্দ্রীয় ক্রিকেট মাঠের কোণ, পেয়ারা বাগান, ছাত্রীহল এলাকা ও ইবি লেকে অভিযান চালানো হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পেজ থেকে অভিযানের ভিডিও প্রকাশ করা হয়। এতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের দৃশ্যের পাশাপাশি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে অভিযান পরিচালনা করতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সচেতন শিক্ষক-শিক্ষার্থী প্রক্টরের হাতে সিগারেট থাকার বিষয়টির সমালোচনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একজন প্রক্টর প্রকাশ্যে সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিলে শিক্ষার্থীদের কাছে কী ধরনের বার্তা যায়, সেটি বিবেচনা করা উচিত। শিক্ষকদের প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অন্য এক শিক্ষার্থী ব্যঙ্গ করে বলেন, প্রক্টরের অভিযান দেখে মনে হয়েছে তিনি মাদকবিরোধী কার্যক্রমের গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেই হাতে সিগারেট নিয়ে মাঠে নেমেছেন। তাঁর ভাষ্য, এ ধরনের দৃশ্য মাদকবিরোধী অভিযানের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তৈরি করে।

অভিযানে কী পাওয়া গেছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রক্টরের নির্দেশে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। তবে অভিযানে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে চার-পাঁচটি যুগলকে দেখা গেলে তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি দেখা গেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই দিনের অভিযানে মাদকদ্রব্য না পাওয়া গেলেও ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।


Share: