চীনের শেনঝেনে শরীর চুলকানোর ব্যতিক্রমী সেবা দিয়ে মাসে প্রায় ১৮ লাখ টাকা আয় করছেন ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শিয়াওচিয়াও। তার প্রতিষ্ঠিত ‘সুমা’ নামের এই প্রতিষ্ঠানের বর্তমানে দুটি শাখা রয়েছে।
এই সেবায় বিশেষভাবে তৈরি লম্বা নখ ব্যবহার করে গ্রাহকের শরীর আলতোভাবে চুলকে দেন কর্মীরা। ম্যাসাজের মতো বিছানায় উপুড় হয়ে শুয়ে থেকে সেবা নেন গ্রাহকেরা। শরীরের নির্দিষ্ট কোনো স্থানে চুলকানি থাকলেও সেখানে দেওয়া হয় বিশেষ সেবা। প্রতি ঘণ্টার জন্য নেওয়া হয় ৩০০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪০০ টাকা।
ঝাংয়ের দাবি, ব্যস্ত নগরজীবনের মানসিক চাপ কমানোর পাশাপাশি ভালো ঘুমেও এই সেবা সহায়ক। কয়েকজন গ্রাহক তাকে জানিয়েছেন, তাদের কাছে এটি প্রচলিত ম্যাসাজের চেয়েও বেশি আরামদায়ক।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও থেকেই ব্যবসাটির ধারণা পান ঝাং। ভিডিওতে এক নারীকে তার স্বামীর পিঠ চুলকে দিতে দেখা যায়। ওই ভিডিওর মন্তব্যে অনেকে এমন সেবার জন্য অর্থ দিতে আগ্রহ প্রকাশ করেন। শৈশবে বাবার কাছ থেকে পিঠ চুলকানোর স্মৃতিও তাকে এ ব্যবসায় অনুপ্রাণিত করে।
চলতি বছরের মে মাসে প্রথম এবং জুনে দ্বিতীয় শাখা চালু করেন ঝাং। তার দাবি, দুটি শাখাই বর্তমানে লাভজনক। প্রতিষ্ঠানটির গ্রাহকদের প্রায় ৭০ শতাংশই পুরুষ।
বিশ্ববিদ্যালয় শেষ করার পর এক বছরের মধ্যে সাতটি চাকরি বদলেছিলেন ঝাং। এর আগে দুটি ই-কমার্স প্রতিষ্ঠান ও একটি কনটেন্ট ব্যবসা শুরু করেও সফল হননি। তবে এবার তার লক্ষ্য পুরো চীনে ১০০টি শাখা চালু করা এবং শরীর চুলকানোর এই সেবাকে স্বীকৃত পেশায় পরিণত করা।