Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / সুন্দরবনসংলগ্ন নলিয়ানে যাচ্ছেন প্রধানমন্ত্রী - Chief TV

সুন্দরবনসংলগ্ন নলিয়ানে যাচ্ছেন প্রধানমন্ত্রী - Chief TV

2026-10-19  ডেস্ক রিপোর্ট  59 views
সুন্দরবনসংলগ্ন নলিয়ানে যাচ্ছেন প্রধানমন্ত্রী - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সুন্দরবনসংলগ্ন দাকোপ উপজেলার নলিয়ান হয়ে মোংলার আকরাম পয়েন্টে যাবেন তিনি। সেখানে প্রস্তাবিত ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরে সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টে যাবেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের পর স্পিডবোটে আকরাম পয়েন্টে যাবেন। তবে দাকোপে তাঁর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

সফরের প্রস্তুতি সম্পর্কে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, নির্বাচনের পর প্রথমবারের মতো খুলনায় আসছেন প্রধানমন্ত্রী। তিনি নলিয়ান স্কুল মাঠে নামবেন এবং সেখান থেকে আকরাম পয়েন্ট পরিদর্শনে যাবেন। সফর নির্বিঘ্ন করতে মাঠ পরিদর্শনের পর হেলিপ্যাড নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, প্রধানমন্ত্রীর সফরটি সরকারি। স্থানীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও তাঁর আগমন ঘিরে প্রশাসন ও স্থানীয় নেতারা প্রস্তুতি নিচ্ছেন। এলাকার মানুষও প্রধানমন্ত্রীকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন।

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা জানান, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আসবেন। ২২ অক্টোবর দাকোপ এবং ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে তাঁর যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আকরাম পয়েন্টে প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস গ্রহণ ও সরবরাহের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস জাহাজে সংরক্ষণ করা হয়। পরে তা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয়। তবে আকরাম পয়েন্টের প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন, বিনিয়োগ, নির্মাণকাজ শুরুর সময় এবং গ্যাস সরবরাহের সময়সূচি এখনো নিশ্চিত হয়নি। প্রধানমন্ত্রীর সম্ভাব্য পরিদর্শন প্রকল্পটির উপযোগিতা যাচাইয়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।


Share: