সিন্ধু নদের পানির প্রতিটি ফোঁটাকে পাকিস্তানের জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা উল্লেখ করে ভারতকে সরাসরি জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, পাকিস্তান শান্তি চায়, তবে দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করা হলে কঠোর জবাব দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ইসলামাবাদে পাকিস্তানের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ স্মৃতিসৌধ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান যুদ্ধ নয়, শান্তি চায়। তবে শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে পাকিস্তান শান্তির পক্ষে থাকবে।
পাকিস্তানের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার বিষয়ে কেউ চ্যালেঞ্জ ছুড়ে দিলে ২০২৫ সালের মে মাসের চেয়েও শক্তিশালী জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়ে ভারতের সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
শেহবাজ শরিফ বলেন, সিন্ধু নদের পানির প্রতিটি ফোঁটা পাকিস্তানের রেড লাইন। ভারত এ বিষয়ে সঠিক পথে না থাকলে পাকিস্তান সরাসরি জবাব দেবে। তার এ বক্তব্যের বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।