Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / স্বামীর আলিঙ্গনেই ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, হাসপাতালে নারী - Chief TV

স্বামীর আলিঙ্গনেই ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, হাসপাতালে নারী - Chief TV

2026-10-24  ডেস্ক রিপোর্ট  42 views
স্বামীর আলিঙ্গনেই ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, হাসপাতালে নারী - Chief TV

ভালোবাসার সাধারণ এক আলিঙ্গন যে গুরুতর শারীরিক আঘাতের কারণ হতে পারে, তা কল্পনাও করেননি চীনের এক দম্পতি। স্বামীর স্বাভাবিক আলিঙ্গনেই স্ত্রীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে, আরেকটিতে ধরেছে চিড়। পরে চিকিৎসা পরীক্ষায় ওই নারীর তীব্র হাড়ক্ষয় রোগ ধরা পড়ে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগার কথা বলায় স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন ওয়াং পদবির এক ব্যক্তি। সে সময় হাড় ভাঙার শব্দ শুনতে পান তিনি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তীব্র ব্যথায় কাতর হয়ে তাঁর স্ত্রী মাটিতে বসে পড়েন।

ওয়াংয়ের দাবি, স্ত্রীকে জড়িয়ে ধরার সময় তিনি অতিরিক্ত কোনো শক্তি প্রয়োগ করেননি। স্বাভাবিকভাবেই আলিঙ্গন করেছিলেন। কিন্তু এমন ঘটনায় স্ত্রী গুরুতর আহত হতে পারেন, তা তাঁদের ধারণায় ছিল না। পরে সারা রাত ব্যথা সহ্য করার পর পরদিন সকালে তাঁরা হাসপাতালে যান।

হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, ওই নারীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে সূক্ষ্ম চিড় ধরেছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর হাড় অতিরিক্ত ভঙ্গুর হয়ে যাওয়ার পেছনে রয়েছে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগ।

ওয়াং জানান, তাঁর স্ত্রীর ওজন প্রায় ৪৫ থেকে ৫০ কেজি। তিনি দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডায়েট করতেন এবং প্রায়ই রাতের খাবার বাদ দিতেন। পাশাপাশি সূর্যের আলোতেও তাঁর যাতায়াত ছিল খুবই কম। বাড়ি থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে থাকা পারিবারিক দোকানেই দিনের বেশির ভাগ সময় কাটাতেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, অস্টিওপোরোসিসে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়, ফলে সামান্য চাপ বা আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। তাই দীর্ঘদিনের অনিয়মিত খাদ্যাভ্যাস, পুষ্টির ঘাটতি কিংবা হাড়ের দুর্বলতার লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


Share: