স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার দায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত থাকলেও বিভিন্ন স্থানে তাঁর দলের নেতাকর্মীরা হামলা ও নিপীড়নের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ইশরাক নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। মাদকের বিস্তার বন্ধ করার বিষয়ে তাঁর ভালো উদ্দেশ্য ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দায়বদ্ধতার জায়গায় ব্যর্থ হলে তার ভোগান্তি অন্য কাউকে পোহাতে হচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা।
দেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, বিএনপি সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বললেও হিন্দু সম্প্রদায়ের মানুষ ভালো নেই। গত তিন-চার মাসে বিভিন্ন স্থানে ভাঙচুরের খবর পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনার প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ ঘটনা হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তাঁদের ক্ষোভ ও কষ্টের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে হিন্দু সম্প্রদায়ের কেউ কষ্ট পান বা আহত বোধ করেন। এ বিষয়ে কথা বলার কারণে তাঁকে যেন কোনো বিশেষ রাজনৈতিক পরিচয়ে আখ্যায়িত করা না হয়, সেই অনুরোধও জানান তিনি। তাঁর ভাষ্য, হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্বেগ ও অনুভূতির বিষয়টি তাঁদের পক্ষ থেকেই তুলে ধরছেন তিনি।
ভুল বোঝাবুঝি দূর করতে দুই সম্প্রদায়ের মধ্যে আলোচনার ওপর গুরুত্ব দেন নাসীরুদ্দীন। প্রয়োজনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বসে তাঁদের উদ্বেগ ও অভিযোগ শোনার আহ্বান জানান তিনি। তাঁর মতে, পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব।