কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে আবারও বড় ধরনের ধস দেখা দিয়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বারের মতো ধস নামায় আতঙ্কে রয়েছেন তীরবর্তী এলাকার হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে যাওয়া তিনটি স্থানের মধ্যে দুটি সাধারণ মানুষের বসতিপূর্ণ এলাকায় এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের অংশে অবস্থিত। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নদীগর্ভে তলিয়ে যেতে পারে সরকারি রাস্তা, বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিবছরই একই এলাকায় ভাঙন দেখা দিলেও স্থায়ী কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে অভিযোগ তাদের।