ছোট পর্দা, ওটিটি ও চলচ্চিত্র—সব মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ক্যারিয়ারের ছন্দময় সময়ে হঠাৎই কঠিন সময়ের মুখোমুখি হন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে জানা যায়, তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন।
এরপর ১৫ ফেব্রুয়ারি দেশের একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়।
নিজের চিকিৎসা ও অস্ত্রোপচারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন তানিয়া বৃষ্টি। গত ১ এপ্রিল হাতে হাসপাতালের ট্যাগসহ একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘আবার শুরু করি তানিয়া।’ এর দুই দিন পর, ৩ এপ্রিল তৃতীয় অস্ত্রোপচারের কথা জানিয়ে ইতিবাচক বার্তা দেন তিনি।
দীর্ঘ কয়েক মাসের চিকিৎসা ও কঠিন সময় পেরিয়ে বর্তমানে অনেকটাই সুস্থ আছেন এই অভিনেত্রী। সম্প্রতি তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তানিয়া বৃষ্টি আগের তুলনায় বেশ ভালো আছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই তিনি আবারও অভিনয়ের পরিচিত জগতে ফিরতে পারেন।
অসুস্থতার কারণে কাজ থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তানিয়া। নিয়মিত ছবি প্রকাশের পাশাপাশি নিজের পুরোনো ও প্রচারিত নাটকের প্রচারণাও চালিয়ে যাচ্ছেন তিনি।
অভিনয়ে ফেরার প্রস্তুতি হিসেবে তার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত নতুন সিনেমা ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে।