দুই তারকা অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। তাঁর মতে, শুধু দুঃখপ্রকাশ করে এমন ঘটনার দায় এড়ানো যায় না। ভিডিওটি আগে তৈরি হলেও চ্যানেলটির পেজের মাধ্যমে তা নতুন করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই অভিনেত্রীকে নিয়ে তৈরি আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে ধারণা করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল এবং হ্যাকাররাই ভিডিওগুলো প্রকাশ করেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশও করে প্রতিষ্ঠানটি।
তবে চ্যানেল কর্তৃপক্ষের এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন পরীমনি। শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে চলা নেতিবাচক আলোচনা ও কটূক্তিরও জবাব দেন অভিনেত্রী।
চ্যানেলটির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, এত বড় একটি গণমাধ্যমের পেজ দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণের বাইরে থাকলেও কেন তা দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি, সেই প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন। তাঁর ভাষ্য, পেজ হ্যাক হওয়ার দাবি করলেই দায় এড়িয়ে যাওয়া যায় না।
ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও মাতামাতি করা ব্যক্তিদেরও সমালোচনা করেন তিনি। পরীমনির মতে, সচেতন অনেকেই বিষয়টি এড়িয়ে গেলেও কেউ কেউ ভিডিওটিকে কেন্দ্র করে নেতিবাচক চর্চা চালিয়ে যাচ্ছেন। এমনকি অন্যের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির প্রসঙ্গ টেনে আনা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ফেসবুক লাইভে নিজের বক্তব্যের সময় কয়েকবার ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। পরে তিনি লাইভটি নিজের পেজ থেকে সরিয়ে নেন। শনিবার সকালে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’
উল্লেখ্য, সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘সেপারেশন’ নামের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।