ভারতের কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তামিলনাড়ুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের আট শিক্ষার্থী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কেরালার ত্রিশূর জেলার কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গুরুভায়ুর থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি। জাতীয় সড়কের একটি অংশে তখন সড়ক নির্মাণকাজ চলছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়েন কয়েকজন শিক্ষার্থী। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাত শিক্ষার্থীর মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও পরে আরও একজনের মৃত্যু হয়। ফলে নিহতের সংখ্যা দাঁড়ায় আটজনে।
দমকলকর্মীরা গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে তামিলনাড়ুর ডিন্ডিগুলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীর পরিচয়পত্র পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত আটজনই ওই কলেজের শিক্ষার্থী ছিলেন।
নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে ধাক্কা খেয়েছে, চালকের কোনো ভুল ছিল কি না কিংবা দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—তা তদন্ত করছে পুলিশ।