Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / লক্ষ্মীপুর / যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী - Chief TV

যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী - Chief TV

2026-10-17  ডেস্ক রিপোর্ট  30 views
যারা দেশকে অচল করতে চেয়েছে, বিরোধী দল তাদেরই সঙ্গী: পানিসম্পদ মন্ত্রী - Chief TV

একসময় হরতাল-অবরোধ দিয়ে দেশ অচল করে দেওয়ার হুমকি দেওয়া রাজনৈতিক শক্তির সঙ্গে আজকের বিরোধী দল একসঙ্গে রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একসময় ১৭১ দিন, ৭২ দিন ও ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা হরতাল-অবরোধের মাধ্যমে দেশ অচল করে দেওয়ার কথা বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে সবাই এক। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক লড়াই শেষ হয়েছে, এখন জীবনযুদ্ধে এগিয়ে যেতে হবে। দেশে যেন আবার রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক সুবিধা নিশ্চিত করে সম্মান ও মর্যাদার সঙ্গে সবাই মিলেমিশে বসবাস করতে পারাই হোক সবার অঙ্গীকার।

সরকারি দলের পাশাপাশি বিরোধী দলেরও নৈতিক দায়িত্ব ও অঙ্গীকার রয়েছে উল্লেখ করে এ্যানি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিরোধী দল কতটুকু দায়িত্ব পালন করেছে, সেটিও বিবেচনার দাবি রাখে। তাহলে আজ কেন লংমার্চ বা রোডমার্চ করতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ এবং ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষন মজুমদারসহ অন্যরা।


Share: