Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, শিশুসহ নিহত ২ - Chief TV

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, শিশুসহ নিহত ২ - Chief TV

2026-10-18  ডেস্ক রিপোর্ট  43 views
যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, শিশুসহ নিহত ২ - Chief TV

যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যে শিশুদের একটি ফুটবল মাঠে ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় ছয় বছর বয়সী এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৭ অক্টোবর) অঙ্গরাজ্যের উইচিটা শহরে এ ঘটনা ঘটে। নিহত অপর ব্যক্তির বয়স ৩৫ বছর। উইচিটা পুলিশের ক্যাপ্টেন অ্যারন মোজেস জানান, আহতদের বয়স ৫ থেকে ৬৮ বছরের মধ্যে।

এ ঘটনায় ট্রাকচালক ৩৪ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে। তবে ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

অ্যারন মোজেস বলেন, কীভাবে এবং কেন ঘটনাটি ঘটেছে, তা নির্ধারণে তদন্ত চলছে। ট্রাকটিতে আরও দুটি শিশু ছিল বলেও জানান তিনি।

উইচিটা পুলিশের প্রধান জো সুলিভান জানান, জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে উপস্থিত লোকজন আহতদের সাহায্যে এগিয়ে আসেন। তাঁদের দ্রুত উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনা উইচিটা এলাকার মানুষের মানসিকতার পরিচয় দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই। তবে তদন্ত চলাকালে ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন শহরের মেয়র লিলি উ।

ঘটনাটিকে হৃদয়বিদারক উল্লেখ করে মেয়র সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের, বিশেষ করে শিশু ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


Share: