Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সারাদেশ / চট্টগ্রাম বিভাগ / ফেনীতে বাসের ধাক্কায় পৌরসভার সহকারী প্রকৌশলীর মৃত্যু - Chief TV

ফেনীতে বাসের ধাক্কায় পৌরসভার সহকারী প্রকৌশলীর মৃত্যু - Chief TV

2026-06-03  ডেস্ক রিপোর্ট  127 views
ফেনীতে বাসের ধাক্কায় পৌরসভার সহকারী প্রকৌশলীর মৃত্যু

ফেনীর দাগনভূঞায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জুনায়েদ কায়সার সৌরভ (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

গত মঙ্গলবার (২ জুন) বিকাল ৩টার দিকে দাগনভূঞা পৌর এলাকার দাসপাড়া রোডের মাথায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত জুনায়েদ কাইছার সৌরভ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ২০২০ সালের ১৫ অক্টোবর দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী পদে যোগদান করেছিলেন।

যেভাবে দুর্ঘটনাটি ঘটে: প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খাবার শেষে নিজ ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে পৌর কার্যালয়ের দিকে যাচ্ছিলেন জুনায়েদ কায়সার। পথে দাসপাড়া রোডের মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী ‘বসুরহাট এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষের বক্তব্য: ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম জানান, দুপুরে খাবার খেয়ে অফিসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন সহকারী প্রকৌশলী জুনায়েদ কায়সার সৌরভ। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
 
 

 

Share: