গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ফুলছড়ি উপজেলার ২ নম্বর উদাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের মো. রেজা মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর ও ফুলছড়ি থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে রেজা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রেজা মিয়া (৩৯) ও মো. আয়নাল হক (৪০)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে রেজা মিয়ার কাছ থেকে ৫০ পিস এবং আয়নাল হকের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, অভিযানের সময় মো. আনারুল ইসলাম (৩৫) নামে আরও এক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে শয়নকক্ষের জানালা দিয়ে পালিয়ে যান।
গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।