নোয়াখালীর সোনাইমুড়ীতে চায়ের দোকানে বসে থাকা মো. জামাল উদ্দিন নামে এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে তাঁর বাঁ হাঁটু ও ঊরুতে গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত জামাল উদ্দিন একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় জামাল উদ্দিন বাড়ির পাশের ওই চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ জামাল উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, জামাল উদ্দিন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফেরেন তিনি। আসন্ন নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন জামাল উদ্দিন। এ নিয়ে এলাকায় সম্প্রতি পোস্টারও সাঁটানো হয়। নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের সঙ্গে গুলির ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা থাকলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাজীব আহমেদ চৌধুরী জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জামাল উদ্দিনকে হাসপাতালে আনা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ওই বৃদ্ধকে গুলি করে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।