প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে আবেগঘন এক বার্তায় নিজের মনের কথা তুলে ধরেছেন অভিনেতা জাহের আলভী। স্ত্রীকে হারানোর পরও স্বাভাবিক জীবনযাপন করায় নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। সেই আক্ষেপের পাশাপাশি প্রয়াত স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইকরার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন আলভী। সেখানে তিনি লেখেন, একজন মৃত মানুষের মূল্য অনেক জীবিত মানুষের চেয়েও বেশি। ইকরা বেঁচে থাকলে হয়তো এই সময়টায় তাঁদের সন্তানকে সঙ্গে নিয়ে তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন।
স্ত্রীকে হারানোর পর নিজের জীবনযাপন নিয়ে নানা প্রশ্নের মুখে পড়ার কথাও তুলে ধরেছেন আলভী। কেন তিনি এখনো গান শোনেন, হাসেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেন কিংবা শুটিং করে জীবিকা নির্বাহ করেন—এসব বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
আলভীর লেখায় উঠে এসেছে সন্তান রিযিককে ঘিরে তাঁর দায়িত্ববোধের কথাও। স্ত্রীকে হারানোর শোকের মধ্যেও ছেলেকে সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছেন তিনি। নিজের ও সন্তানের জীবনযাত্রা সচল রাখার এই প্রচেষ্টায় ইকরার কোনো অভিমান থেকে থাকলে তাঁকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা।
প্রয়াত স্ত্রীর প্রতি ভালোবাসা ও অভিমানের কথাও তুলে ধরেছেন আলভী। তিনি জানিয়েছেন, নামাজের বিছানায় মোনাজাতের সময়ও ইকরা তাঁর ভাবনায় থাকেন। স্ত্রীর প্রতি অভিমান থাকলেও তাঁর মনে কোনো ক্লেশ নেই বলে উল্লেখ করেছেন তিনি। আবার দেখা হওয়ার প্রত্যাশায় জমে থাকা কথাগুলো সেই দিনের জন্য তুলে রাখার কথাও লিখেছেন।
একই সঙ্গে সন্তান রিযিককে দেখে রাখার আকুতিও জানিয়েছেন প্রয়াত স্ত্রীর প্রতি।
উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার একটি মামলায় জাহের আলভীকে এক নম্বর আসামি করা হয়েছিল। কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন তিনি। স্ত্রীর জন্মদিনে দেওয়া এই পোস্টে ব্যক্তিগত শোক, অনুশোচনা, অভিমান এবং সন্তানকে নিয়ে সামনে এগিয়ে চলার কথাই উঠে এসেছে।