Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে - Chief TV

ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে - Chief TV

2026-08-16  ডেস্ক রিপোর্ট  30 views
ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ প্রথম দিনেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে - Chief TV

দীর্ঘদিন পর আবারও বক্স অফিসে আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেতা ইমরান হাশমি। বহু প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’ মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী সিনেমাটি প্রথম দিনে ২৭ কোটি রুপির বেশি আয় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৪ কোটি টাকা।

ভারতের বাজারে প্রথম দিনে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি। গ্রস হিসেবে দেশীয় বাজারে আয় প্রায় ২৫ কোটি ২০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয় যোগ হয়ে প্রথম দিনের বৈশ্বিক সংগ্রহ ২৭ কোটি রুপি ছাড়িয়েছে।

একক নায়ক বা প্রধান অভিনেতা হিসেবে ইমরান হাশমির ক্যারিয়ারে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় উদ্বোধনী আয়। এর আগে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বাদশাহো’ ছিল তার সর্বোচ্চ ওপেনিংয়ের সিনেমা, যার প্রথম দিনের আয় ছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। ‘আওয়ারাপন ২’ সেই রেকর্ড প্রায় দ্বিগুণ করে নতুন মাইলফলক তৈরি করেছে।

মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটির আয় হয়েছিল ৮ কোটি রুপির বেশি। শুক্রবার প্রেক্ষাগৃহে প্রদর্শনী শুরুর পর ভারতের টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলোতে দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। অনেক শহরে রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি ৯০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ভালো সাড়া পেয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার কয়েকটি কেন্দ্রে দর্শকদের আগ্রহ দেখা গেছে। প্রথম দিনে আন্তর্জাতিক বাজার থেকে ‘আওয়ারাপন ২’ আয় করেছে ২ লাখ ২০ হাজার ডলারের বেশি।

প্রথম দিনের আয়েই ইমরান হাশমির ক্যারিয়ারের আরও একটি উল্লেখযোগ্য রেকর্ড তৈরি হয়েছে। মুক্তির প্রথম দিনেই ‘আওয়ারাপন ২’ ছাড়িয়ে গেছে তার আলোচিত সিনেমা ‘মার্ডার’-এর মোট আয়। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘মার্ডার’ ভারতের বাজারে প্রায় ১৬ কোটি রুপি নিট এবং বিশ্বব্যাপী প্রায় ২৫ কোটি রুপি গ্রস আয় করেছিল।

একইভাবে একদিনেই ‘আওয়ারাপন’ সিনেমার প্রথম কিস্তির মোট আয়কেও পেছনে ফেলেছে সিক্যুয়েলটি। ২০০৮ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য না পেলেও পরবর্তী সময়ে ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম কাল্ট সিনেমা হিসেবে পরিচিতি পায়। ফলে দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ ছিল।

নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপন ২’ প্রযোজনা করেছেন বিশাল ভাট। সিনেমায় ‘শিবম পণ্ডিত’ চরিত্রে আবারও অভিনয় করেছেন ইমরান হাশমি। তার সঙ্গে রয়েছেন শাবানা আজমি, দিশা পাটানি ও সুবিন্দর ভিকি।

মুক্তির পর সিনেমাটি সমালোচকদের কাছ থেকে মিশ্র থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে ইমরান হাশমির অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আবেগঘন উপস্থাপনা প্রশংসিত হচ্ছে। উদ্বোধনী দিনের পর শনিবার আয় আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বক্স অফিস বিশ্লেষকেরা। উইকেন্ড ও প্রথম সপ্তাহে সাফল্যের ধারা অব্যাহত থাকলে সিনেমাটি ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।


Share: