Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / লক্ষ্মীপুর / ইতালি প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে!

ইতালি প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে!

2026-08-26  ডেস্ক রিপোর্ট  80 views
ইতালি প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে!

লক্ষ্মীপুরের রায়পুরে ইতালি প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই প্রেমিককে বিয়ে এবং প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চার সন্তানের জননী এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন প্রবাসী জাকির হোসেনের বোন মারুফা বেগম।

অভিযুক্ত নারীর নাম মুন্নি আক্তার জেসমিন। তিনি রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামের নুর উদ্দিনের মেয়ে। তার স্বামী ইতালি প্রবাসী জাকির হোসেন চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলী হায়দারের ছেলে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির ও মুন্নির বিয়ে হয়। তাদের চার সন্তান রয়েছে। ২০০৯ সালে জাকির স্ত্রী মুন্নিকে ইতালিতে নিয়ে যান। সেখানে মোবাইলফোনে একাধিক বাংলাদেশি যুবকের সঙ্গে মুন্নির সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন স্বজনরা। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়।

প্রায় দুই মাস আগে মুন্নি বাবার অসুস্থতার কথা জানিয়ে দুই সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফিরে আসেন। এরপর থেকে জাকিরের সঙ্গে তার যোগাযোগ বন্ধ রয়েছে বলে অভিযোগ। পরে জাকিরকে তালাক না দিয়েই তিনি রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ইতালি থেকে দেশে ফেরার সময় জাকিরের দেওয়া প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং ব্যাংকের এটিএম কার্ড নিয়ে আসেন মুন্নি। এসবের মাধ্যমে প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করেছেন জাকিরের বোন।

মারুফা বেগম বলেন, মুন্নি তার ভাইকে তালাক না দিয়েই অন্য একজনকে বিয়ে করেছেন। পাশাপাশি স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এতে তাদের চার সন্তানও অসহায় হয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে মুন্নি আক্তার জেসমিন বলেন, জাকির তাকে ইতালিতে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। এ কারণে তিনি অন্য একজনকে বিয়ে করেছেন। তবে কোনো অর্থ আত্মসাৎ করেননি বলে দাবি করেন তিনি। জাকিরকে তালাক না দিয়েই বিয়ে করার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: