নীলফামারীর সৈয়দপুরে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সরকার কবির উদ্দিন ইউনুসের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে জমি নিজের নামে রেকর্ড করে দখল ও বাড়ি নির্মাণের অভিযোগ তুলেছে একটি পরিবার। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে হয়রানি, হুমকি এবং একাধিক মামলা দিয়ে পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগও করেছেন তারা।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী শহীদ মাহাতাব বেগ রোডের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন মো. শাহাব উদ্দিন। এ সময় তার স্ত্রী সালমা খাতুন, দুই বোনসহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শাহাব উদ্দিন দাবি করেন, তার নানা জুম্মন মিয়া ১৯৬৫ সালে এসএ রেকর্ডের মালিক ইয়াকুব আলীর কাছ থেকে ১৪ শতক জমি কিনে সেখানে বাড়ি নির্মাণ করেন। পরে ১৯৯৮ সালে তার মামা মুসলিম মিয়া নিজের অংশসহ পুরো বাড়ি তার মা মাহমুদা বেগমকে দিয়ে পাকিস্তানে চলে যান। একই বছর সরকার কবির উদ্দিন ইউনুস ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।
শাহাব উদ্দিনের অভিযোগ, ২০০৫ সালে পরিবারের সদস্যরা রংপুরে যাওয়ার সুযোগে বাড়ির তালা ও আলমারির তালা ভেঙে জমি-সংক্রান্ত দলিলপত্র নিয়ে যান ইউনুস কবির। এরপর তিনি ভাড়া দেওয়া বন্ধ করে বাড়িটি দখলে নেন। পরে ভূমি অফিসের কিছু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে অন্য দাগের জমি দেখিয়ে তার নানার ১৩ শতক জমি জাল দলিলের মাধ্যমে নিজের নামে বিএস রেকর্ড করে নেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া তার বাবার নামে থাকা জমির মধ্যে ৩ শতক এবং সোগরা বিবির নামে থাকা আরও শূন্য দশমিক ৮৭ শতক জমি কৌশলে নিজের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগও করেন শাহাব উদ্দিন। এ ঘটনায় রেকর্ড সংশোধনের জন্য তিনি ২০২০ সালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেছেন বলে জানান।
শাহাব উদ্দিন আরও অভিযোগ করেন, মামলা করার পর ক্ষিপ্ত হয়ে ইউনুস কবির তাদের জমি দখল করে বাড়ি নির্মাণ শুরু করেন। এতে বাধা দেওয়ায় তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগও করেন তিনি। পরে এ ঘটনায় উল্টো তার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয় বলে দাবি করেন শাহাব উদ্দিন।
তার ভাষ্য, পৌরসভায় অভিযোগ করার পর নির্মাণকাজের নকশা বাতিল করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করে বাড়ি নির্মাণ সম্পন্ন করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ করা হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
শাহাব উদ্দিনের অভিযোগ, জমি নিয়ে পোস্টারিং ও মানববন্ধন করার পর ইউনুস কবির তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সব মিলিয়ে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে শাহাব উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করে দখলমুক্ত করা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তারা।
তবে সরকার কবির উদ্দিন ইউনুসের বক্তব্য বা অভিযোগগুলোর বিষয়ে তার পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট ভূমি অফিস ও প্রশাসনের বক্তব্যও প্রয়োজন।